
এস. এম আনোয়ার মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি:
“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়”— এই প্রতিপাদ্যকে ধারণ করে সারাদেশের মতো কুমিল্লার মনোহরগঞ্জেও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস।
শনিবার (১ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় অফিসের আয়োজনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় দিবসের আনুষ্ঠানিকতা। এরপর উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালি শেষে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় অফিসার তানভীর আহমেদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার গাজালা পারভীন রুহি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য অফিসার নাসিরুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মজিবুল আহসান মজুমদার, ও উপজেলা মুক্তিযোদ্ধা সমবায় সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, সমবায় হচ্ছে জনগণের অংশগ্রহণমূলক এক অর্থনৈতিক আন্দোলন, যা গ্রামীণ উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাঁরা সমবায় আন্দোলনকে আরও গতিশীল ও সফল করে তোলার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।