
আতিক কামালী : ঢাকা, শনিবার, ০১-১১-২০২৫
সংষ্কার কমিশনের জমা দেওয়া খসড়া কপিকে “বিশ্বাসঘাতকতা” আখ্যা দিয়ে কমিশনের সদস্যদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলামের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী।
আজ শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, রাজনৈতিক নেতারা ‘নোট অব ডিসেন্ট’সহ একটি সংষ্কার কপিতে স্বাক্ষর করেছিলেন, কিন্তু কমিশন রাষ্ট্রপতির কাছে ভিন্ন একটি কপি জমা দিয়েছে— যা জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল।
তিনি বলেন, “এই চিটিংবাজির জন্য ড. আলী রিয়াজসহ কমিশনের সব সদস্যকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের, নৈতিকতা বিরোধী কর্মকাণ্ড ও সরকারি অর্থ অপচয়ের অভিযোগে আইনি ব্যবস্থা নিতে হবে।
মাওলানা ইউসুফী আরও দাবি করেন, কমিশনের সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করে এবং তাদের অতীত কর্মকাণ্ডের ওপর উচ্চ পর্যায়ের তদন্ত পরিচালনা করে জাতির সামনে প্রতিবেদন প্রকাশ করতে হবে।
তিনি স্পষ্টভাবে বলেন, “রাষ্ট্রপতির কাছে জমা দেওয়া প্রতারণামূলক কপির উপর কোন ভোট গ্রহণযোগ্য নয়; জনগণের স্বাক্ষরকৃত কপির ভিত্তিতেই ম্যান্ডেট নিতে হবে।
বর্তমান অন্তর্বর্তী সরকার সম্পর্কেও তিনি কঠোর সমালোচনা করে বলেন, এই সরকার অর্থনীতি, আইনশৃঙ্খলা, বিদেশি বিনিয়োগ ও কর্মসংস্থানে চরমভাবে ব্যর্থ হয়েছে। এনজিও কর্মকর্তা নির্ভর ও অনভিজ্ঞ উপদেষ্টা নিয়োগের কারণে দেশ গভীর সংকটে পড়েছে। তাই ফেব্রুয়ারির অপেক্ষা না করে যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে তাদের বিদায় নেওয়া উচিত।
পার্বত্য চট্টগ্রাম প্রসঙ্গে মাওলানা ইউসুফী বলেন, “পার্বত্য অঞ্চলে সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীগুলো দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। আওয়ামী আমলে স্বাক্ষরিত পার্বত্য শান্তিচুক্তি বাতিল করে সেখানে পূর্ণাঙ্গ সেনানিবাস স্থাপন করতে হবে।
তিনি শেষ বক্তব্যে সতর্ক করে বলেন, “নির্বাচনে বিলম্ব জাতির জন্য অকল্যাণ বয়ে আনবে। দেশের স্থিতিশীলতা ও নিরাপত্তা রক্ষায় নির্বাচিত সরকারের বিকল্প নেই।