
এস এম আনোয়ার
মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি।
কুমিল্লার লাকসামে অবস্থিত জমিরিয়া নাছিরুল উলুম মাদরাসার উদ্যোগে বিশিষ্ট ব্যক্তি, আলেম-ওলামা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সম্মানে এক মর্যাদাপূর্ণ ইফতার মাহফিল ও হাফেজ শিক্ষার্থীদের পাগড়ি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১৬ মার্চ সোমবার লাকসাম বাইপাস সংলগ্ন মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন মাদরাসার প্রতিষ্ঠাতা ও নাসির উদ্দিন ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব নাছির উদ্দিন মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম পৌরসভার সাবেক মেয়র মফিজুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে নাছির উদ্দিন মজুমদার বলেন, “মানুষের সেবা করাই আমার মূল লক্ষ্য। এই সেবার মাধ্যমে পরকালে নাজাত অর্জনের প্রত্যাশায় আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।”
মাদরাসার মুহতামিম হাফেজ মোহাম্মদ উল্লাহর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কুমিল্লা নারী ও শিশু ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট বদিউল আলম সুজন, লাকসাম পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক, লাকসাম উপজেলা হেফাজতে ইসলামের সভাপতি হাফেজ মাওলানা আবু ইউসুফ, মাইনুল হক মিঠুসহ অন্যান্য বিশিষ্টজন।
অনুষ্ঠানে মাদরাসার হাফেজ শিক্ষার্থীদের সম্মাননা হিসেবে পাগড়ি প্রদান করা হয়। ইফতার মাহফিলে অভিভাবক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।