
শক্তিশালী পাসপোর্ট সূচকে ৩ ধাপ এগিয়েছে বাংলাদেশ।
বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় গত বছরের চেয়ে ৩ ধাপ এগিয়েছে বাংলাদেশ। বর্তমানে বিশ্বের ৯৪তম শক্তিশালী পাসপোর্ট এটি। বাংলাদেশের পাসপোর্টধারীরা বিশ্বের ৩৯টি দেশে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারবেন। এর আগে ২০২৪ সালে ৯৭তম হয়েছিল বাংলাদেশের পাসপোর্ট।
মঙ্গলবার (২২ জুলাই) হেনলি পাসপোর্ট ইনডেক্সে প্রকাশিত তালিকায় এমন তথ্য উঠে এসেছে।
এদিকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় আবারও শীর্ষস্থানে রয়েছে এশিয়ার দ্বীপরাষ্ট্র সিঙ্গাপুর। দেশটির পাসপোর্টধারীরা বিশ্বের ১৯৩টি দেশে ভিসা ছাড়া প্রবেশ করতে পারেন। গত বছর যৌথভাবে শীর্ষ স্থানে ছিল ছয়টি দেশ– ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, সিঙ্গাপুর ও স্পেন।
র্যাংকিংয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া। এসব দেশের পাসপোর্টধারীরা বিশ্বের ১৯০টি দেশে ভিসা ছাড়া প্রবেশ করতে পারেন।
ইউরোপীয় ইউনিয়নের সাতটি দেশ ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, ইতালি ও স্পেন যৌথভাবে তৃতীয় স্থানে রয়েছে। ইউরোপীয় দেশ অস্ট্রিয়া, বেলজিয়াম, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে, পর্তুগাল ও সুইডেন চতুর্থ এবং নিউজিল্যান্ড, গ্রিস ও সুইজারল্যান্ড যৌথভাবে পঞ্চম স্থানে রয়েছে। যুক্তরাজ্য রয়েছে ষষ্ঠ স্থানে।
হেনলি পাসপোর্ট ইনডেক্সে ১৯৯টি পাসপোর্ট ও ২২৭টি গন্তব্য বিবেচনায় নেওয়া হয়েছে।