
বুটেক্স সাংবাদিক সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন আগামীকাল
— মোঃ তাওকীর তাজাম্মুল, বুটেক্স প্রতিনিধি
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (বুটেক্সসাস) কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২৫-২৬ আগামীকাল (২৫ সেপ্টেম্বর) বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে।
আগামীকাল (বৃহস্পতিবার) বেলা ১২টায় বুটেক্স সাংবাদিক সমিতির কার্যালয়ে ভোটগ্রহণ শুরু হবে। যেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অ্যালামনাই, সাংবাদিকসহ সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত থাকবেন এবং বিকালে নির্বাচনের ফলাফল ঘোষণা ও দায়িত্ব হস্তান্তর করা হবে।
এবারের নির্বাচনে ৭টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১০ জন বুটেক্সের ক্যাম্পাস সাংবাদিক। পদগুলো হলো সভাপতি, সাধারণ সম্পাদক, সহসভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক, অর্থ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এবং কার্যনির্বাহী সদস্য।
বিশ্ববিদ্যালয়টির তিন শিক্ষককে নিয়ে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে বুটেক্স সাংবাদিক সমিতির উপদেষ্টা ড. মো. রিয়াজুল ইসলাম এবং সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. এ. এম. আজমল মোর্শেদ এবং হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক ইহসান ইলাহী সাবিক।
তফসিল অনুযায়ী, ২২ সেপ্টেম্বর ভোটার তালিকা প্রকাশ করা হয়েছিল। একই দিন থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ ও জমা নেওয়া হয়েছে। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয় ২৩ সেপ্টেম্বর।