
কবিতাঃ রেবেকার চেতনা
কলমে:রেবেকা আক্তার,
সুন্দরগঞ্জ,গাইবান্ধা।
আমি সরল, আমি নরম।
তুলোর মতো নরম,আবার পাহাড়ের মতো দৃঢ়।
হৃদয় টা কোমল,ভালোবাসায় ভরা,
আমি শান্ত নদী, আবার অগ্নিঝড়,
আমি হাসি সহজে,কাঁদি নিঃশব্দে,
আবার রুখে দাঁড়াই সহ্যের সীমা পেড়িয়ে গেলে।
আমি অবহেলায় হারিয়ে যাওয়া নাম নয়,
আমি আত্মশক্তির এক নির্ভিক পরিচয়।
আমি সহজ,আমি জটিল, আমি আত্মার ডাক,
আমি যৌক্তিক প্রশ্ন, পরিস্থিতির কাছে নির্বাক।
আমি প্রতিধ্বনি নই ,আমি শুদ্ধ উচ্চারণ,
আমি নই অনুকরণ,আমি নিজস্ব এক ব্যাখ্যা।
আমার দৃষ্টিতে ভয়ের ছায়া নেই,
আমি চোখে চোখ রেখে বলি আমি রেবেকা।
আমি ভাঙ্গবো না, আমাকে ভাঙ্গতে হলে,
আগে ভাঙ্গতে হবে পঁচা যুক্তি,
আমার চিন্তা, আমার ভাবনা,আমার সিদ্ধান্ত,
এসব একান্তই আমার।
যতদিন শ্বাস আছে আমি লিখে যাবো,
শোষকের মুখোশ খুলে সবার সামনে আনবো,
অন্যায়কারীকে ধিক্কার জানাবো।
আমার সরলতা, আমার রাগ, আমার কান্না,
ভক্তি করার মতো পবিত্র,
আমার নীরবতাও পবিত্র।
আমি কারো প্রশংসা চাই না বাঁচার জন্য
সহানুভূতির ভিতর খুঁজি না ভালোবাসা
আমি আয়নায় নিজের চোখে চোখ রাখি,
সেখানে চেহারা নয়, ক্বলব দেখি।
আমি দেখি মন,দেখি আত্মার উজ্জ্বল্য।
আমি জন্ম দিয়েছি হাজারো প্রশ্নের,
অন্যায়ের সামনে চুপ থাকা সেটা নয় আমার চেতনা,
আমার একেকটা চুপ থাকা, একেকটা আত্মহত্যা।
তাই আমি রেবেকা হবো, আমরা রেবেকা হবো।
শুধু নামে নয়, পুরোটা অস্তিত্বে।