
ঠাকুরগাঁওয়ে গোবিন্দনগর ও নিশ্চিন্তপুর মৌজার মাঠ জরিপ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
নুরে আলম শাহ, ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁও সদর উপজেলার গোবিন্দনগর (মৌজা নং-১১০) ও নিশ্চিন্তপুর (মৌজা নং-১১১) মৌজার মাঠ জরিপ কার্যক্রম নিয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক। এ সময় আরও বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বুলবুল আহমেদ, দিনাজপুর জোনাল সেটেলমেন্ট অফিসার শাজাহান আলী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী প্রমুখ।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশাদুল হক, সহকারী সেটেলমেন্ট অফিসার মোহা. শাহজাহান আলী, জেলা বিএনপির দপ্তর সম্পাদক মামুন অর রশিদ, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক তারেক আদনানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মতবিনিময় সভায় দুই মৌজার মাঠ জরিপসংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় উপস্থিত সংশ্লিষ্ট ব্যক্তিরা জরিপ কার্যক্রম দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা নিয়ে আলোচনা করেন।