
পটিয়া বাইপাস যেন ক্রমেই মৃত্যুর ফাঁদে পরিণত হচ্ছে। মাত্র একদিনের ব্যবধানে আবারো ঘটে গেল মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। আজ রবিবার, ১৩ জুলাই, ২০২৫ সন্ধ্যা সাতটার দিকে পটিয়া বাইপাস এলাকায় রাস্তা পারাপারের সময় চট্টগ্রামগামী হানিফ পরিবহনের একটি দ্রুতগামী বাসের ধাক্কায় এক পথচারী গুরুতর আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, “ভদ্রলোক রাস্তা পার হচ্ছিলেন। হঠাৎ কক্সবাজার থেকে ছেড়ে আসা দ্রুতগতির হানিফ বাসটি এসে তাকে সজোরে ধাক্কা দেয়। মাথায় প্রচণ্ড আঘাত পেয়ে তিনি মুহূর্তের মধ্যে সড়কে লুটিয়ে পড়েন।”
স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহত ব্যক্তিকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে সেখানকার চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা শেষে তাকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
আহতের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।