
এস এম আনোয়ার
মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি।
কুমিল্লার মনোহরগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রিফাত জাহান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনস্বাস্থ্য প্রকৌশলী ফেরদৌস আলম মজুমদার।
আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব ইলিয়াস পাটোয়ারী, মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদ আহমেদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্ছু, বীর মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক রহমত উল্লাহ জিকু ও সদস্য সচিব আমান উল্লাহ চৌধুরী।
বক্তারা তাঁদের বক্তব্যে ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে বলেন, ১৯৭৫ সালের এই দিনে সিপাহি-জনতার ঐতিহাসিক বিপ্লব দেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা করে। ওই দিন সিপাহি-জনতার সম্মিলিত উদ্যোগে তৎকালীন মেজর জেনারেল জিয়াউর রহমান বন্দিদশা থেকে মুক্ত হন। পরবর্তী সময়ে তিনি দেশের নেতৃত্বে আসেন। বক্তারা আরও বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় ঐক্য রক্ষায় ৭ নভেম্বরের ঐতিহাসিক ঘটনাপ্রবাহ বিশেষ গুরুত্ব বহন করে। এ দিনের চেতনা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা, মনোহরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম আহসান উল্লাহ, বীর মুক্তিযোদ্ধা মোতাহের হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মহিবুল্লাহ, প্রকৌশলী কামাল হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা সফিকুর রহমান পাঠান, সমবায় কর্মকর্তা তানভীর আহমেদ, মহিলা বিষয়ক কর্মকর্তা তাহমিনা আক্তার, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা সাহাদাত হোসেন ও প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা রাশেদুল আলম।
এছাড়াও অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।