
রাসিকের তিনটি উন্নয়ন প্রকল্পের পাঁচটি পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী
মশিউর রহমান রাজশাহী :
রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) কর্তৃক বাস্তবায়িত তিনটি উন্নয়ন প্রকল্পের পুনঃস্থাপিত পাঁচটি ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করা হয়েছে। রাসিকের সাবেক মেয়র মিজানুর রহমান মিনুর মেয়াদকালে গৃহীত তিনটি গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের মধ্যে বিএনপির তৎকালীন যুগ্ম মহাসচিব ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান একটি এবং তৎকালীন অর্থমন্ত্রী মোঃ সাইফুর রহমান একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন।
পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন অনুষ্ঠান আজ শুক্রবার (০৯ অক্টোবর) বিকেলে রাজশাহী মহানগরীর সিটি হাট চত্তরে আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুনঃস্থাপিত ফলক উন্মোচন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু, এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। ফলক উন্মোচন শেষে দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য দেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য এ্যাড. শফিকুল হক মিলন, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক এ্যাড. এরশাদ আলী ঈশা, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন-অর রশিদ।
অনুষ্ঠানে রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ নূর-ঈ সাঈদ,
নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদূর রহমান ইমন,
নির্বাহী প্রকৌশলী (পরিকল্পনা) জসীম উদ্দীন আরজু,
নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) নিলুফার ইয়াসমিন, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এবিএম আসাদুজ্জামান সুইট সহ অন্যান্য প্রকৌশলীবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি নজরুল হুদা, সহসভাপতি আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, শফিকুল ইসলাম শাফিক, মুক্তার হোসেন ও জয়নাল আবেদীন শিবলী, শাহ মখদুম থানা বিএনপির আহ্বায়ক সুমন সরদার, সদস্য সচিব নাসিম খান, বোয়ালিয়া পূর্ব থানা বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম নিপু, রাজপাড়া থানা বিএনপির সভাপতি মিজানুর রহমান মিজান, সদস্য সচিব আমিনুল ইসলাম, রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আসাদুজ্জামান জনি, মহানগর ছাত্রদলের আহ্বায়ক রাকিন রায়হান রবিন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক খালিদ বিন ওলিদ আবির, ছাত্রদলের সাবেক সভাপতি আকবর আলী জ্যাকি সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ২০০৫ সালের ৯ ফেব্রুয়ারি তৎকালীন বিএনপির যুগ্ম মহাসচিব ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান রাজশাহী মহানগরীর ফায়ার ব্রিগেড ক্রসিং থেকে উত্তর নওদাপাড়াস্থ চাঁপাইনবাবগঞ্জ-নাটোর মহাসড়ক পর্যন্ত সড়ক নির্মাণ শীর্ষক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রকল্পটির আওতায় স্থাপিত ভিত্তিপ্রস্তর ফলকগুলো ঘোষপাড়া মোড়, মেডিকেল বন্ধগেট মোড় ও সিটি হাট-উত্তর নওদাপাড়া মোড়ে অবস্থিত ছিল।
এ ছাড়া, ২০০৫ সালের ৯ ফেব্রুয়ারি গোরহাঙ্গা রেলগেট মোড়ে রাজশাহী মহানগরীর জলাবদ্ধতা দূরীকরণার্থে নর্দমা নির্মাণ শীর্ষক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন অর্থমন্ত্রী মোঃ সাইফুর রহমান। উপরোক্ত দুইটি প্রকল্পের উদ্যোগ গ্রহণ করেছিলেন তৎকালীন রাসিক মেয়র মিজানুর রহমান মিনু।
অন্যদিকে, ২০০৪ সালের ১৫ অক্টোবর গোরহাঙ্গা রেলগেট মোড়ে রাজশাহী মহানগরীর মোড় প্রশস্তকরণ ও শহর সৌন্দর্যবর্ধন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন রাসিক মেয়র মিজানুর রহমান মিনু।
উল্লেখ্য, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে এই তিনটি উন্নয়ন প্রকল্পের পাঁচটি ভিত্তিপ্রস্তর ফলক মুছে ফেলা হয়েছিল। দীর্ঘদিন পর ফলকগুলো পুনঃস্থাপনের মাধ্যমে প্রকল্পগুলোর ঐতিহাসিক স্মৃতি পুনরুদ্ধার করা হলো।