
সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনী বিলে স্বাক্ষর না করতে রাষ্ট্রপতির প্রতি জমিয়তের আহ্বান
কুরআন-সুন্নাহবিরোধী কোনো প্রস্তাবনা গ্রহণযোগ্য নয়
সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনী বিলে স্বাক্ষর না করার জন্য রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের শীর্ষ নেতৃবৃন্দ। একই সঙ্গে তারা সরকারকে এ বিষয়ে দেশের শীর্ষস্থানীয় আলেম-উলামার পরামর্শ গ্রহণ করে শরিয়াহসম্মত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন।
আজ সোমবার(১৪ সেপ্টেম্বর ) রাতে রাজধানীর মিরপুরস্থ আরজাবাদ মাদ্রাসায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের খাস কমিটির বৈঠকে উপস্থিত শীর্ষ নেতৃবৃন্দ এসব কথা বলেন।
বৈঠকে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক, সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী, সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা শেখ মুজিবুর রহমান,মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদদীন যাকারিয়া ও সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাযহারী প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন, ইসলামী শরিয়তে হেবা সম্পন্ন হওয়ার পর দাতার জীবনস্বত্ব সংরক্ষিত রাখার সুযোগ নেই। তাই সামাজিকতা, মানবিকতা বা অন্য কোনো অজুহাত দেখিয়ে কুরআন-সুন্নাহর সুস্পষ্ট বিধানের পরিপন্থী কোনো প্রস্তাবনা বা সংশোধনী গ্রহণ করা মুসলমানদের ধর্মীয় বিশ্বাস ও শরিয়াহর বিধানের সঙ্গে সাংঘর্ষিক।
তারা বলেন, আইন প্রণয়নের ক্ষেত্রে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় মূল্যবোধ ও ইসলামী শরিয়াহর বিধানকে যথাযথভাবে বিবেচনায় নিতে হবে। কোনো আইন বা সংশোধনী নিয়ে আলেম-উলামার পক্ষ থেকে শরিয়াহ সংক্রান্ত আপত্তি উত্থাপিত হলে তা উপেক্ষা না করে দেশের শীর্ষস্থানীয় বিশেষজ্ঞ আলেমদের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত গ্রহণ করা সরকারের দায়িত্ব।
জমিয়ত নেতৃবৃন্দ বলেন, কুরআন-সুন্নাহবিরোধী কোনো আইন বা আইনের সংশোধনী মুসলমানদের কাছে গ্রহণযোগ্য হতে পারে না। এ কারণে সরকারকে সংশ্লিষ্ট আলেম-উলামার মতামত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় সংশোধনের উদ্যোগ নিতে হবে।
রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানিয়ে নেতৃবৃন্দ বলেন, সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনী বিলটি পুনর্বিবেচনার সুযোগ সৃষ্টি করতে তিনি যেন এতে স্বাক্ষর না করেন। একই সঙ্গে দেশের ধর্মীয় ও সামাজিক বাস্তবতা বিবেচনায় নিয়ে শরিয়াহসম্মত সমাধানের পথ অনুসরণ করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান তারা।