
জামালপুরের মাদারগঞ্জে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মাসুদ প্রামাণিক (২৩) নামে এক যুবক খুন হয়েছেন। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার চাচা রুবেল প্রামাণিক (৩০)। তাকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (১২ জুলাই) রাতে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের কোয়ালীকান্দি গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত মাসুদ প্রামাণিক ওই এলাকার সম্রাট ওরফে সভা প্রামাণিকের ছেলে। আহত রুবেল একই গ্রামের মৃত আলতাফুর প্রামাণিকের ছেলে।
নিহতের পরিবার জানায়, নিহত মাসুদ ও আহত রুবেল সম্পর্কে চাচা-ভাতিজা। পাশাপাশির বাড়ি হওয়ায় মাসুদ প্রায়ই চাচার বাড়িতে রাত যাপন করতেন। শনিবার (১২ জুলাই) রাত ৮টার দিকে চাচা রুবেলের ডাকে মাসুদ তার বাড়িতে ঘুমাতে যান। পরদিন সকালে মাসুদ বাড়ি না ফেরায় তার বড় ভাই গিয়ে ডাকাডাকি করলেও কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ঘরে প্রবেশ করেন। এসময় মাসুদকে রক্তাক্ত ও নিথর অবস্থায় পড়ে থাকতে দেখা যায় এবং পাশে রুবেলও গলা ও হাতে ছুরিকাঘাতসহ আহত অবস্থায় পড়ে ছিলেন।
পরে স্থানীয়রা গুরুতর আহত রুবেলকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে একটি চাকু ও একটি মোবাইল ফোনসহ মাসুদের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এ ঘটনায় নিহতের পরিবার থেকে একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।”
পুলিশ বলছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং অভিযুক্তদের শনাক্তে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।