
“বিচার ও সংস্কার ছাড়া কোনো নির্বাচন হবে না”—এই স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে এক বিশাল পদযাত্রা ও পথসভা আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার (৯ জুলাই) বিকাল ৬টার দিকে আয়োজিত এই সমাবেশে হাজারো জনতা যোগ দেন, প্রবল বৃষ্টি উপেক্ষা করে নেতাদের বক্তব্য শোনেন তারা।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, “আমরা জুলাই সনদ আদায় করেই ছাড়ব। বিচার ও সংস্কার ছাড়া এ দেশে আর কোনো ভোট হবে না।” তিনি সীমান্তে বিএসএফ কর্তৃক বাংলাদেশি হত্যা বন্ধের দাবি জানান।
কেন্দ্রীয় নেতা হাসনাত আবদুল্লাহ বলেন, “বিএসএফ গত ২৫ বছরে সীমান্তে ১২০০ মানুষ হত্যা করেছে। এটি একটি মানবতাবিরোধী বাহিনী। আর শেখ হাসিনার বিচার ছাড়া আমরা ভোটে যাব না।”
সমাবেশে আরও বক্তব্য রাখেন সদস্য সচিব আখতার হোসেন, ডা. তাসনিম জারা, সারজিস আলম, নাসিরুদ্দিন পাটোয়ারি ও তারেক রেজা। বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকারের সময় শেষ, এখন সময় এসেছে জনগণের সরকার গঠনের।
সমাবেশ শেষে দলীয় নেতা তারেক রেজাকে ঝিনাইদহ-২ আসনে আসন্ন সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়া হয়।
এনসিপির দাবি—নতুন সংবিধান, স্বাধীন বিচার ব্যবস্থা ও প্রশাসনিক কাঠামোর সংস্কার ছাড়া দেশে কোনো সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। বক্তারা আরও জানান, ১৯ জুলাই ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবিতে সারাদেশে একযোগে কর্মসূচি পালন করা হবে।