
নীলফামারী সদর উপজেলার উত্তর মুসরত কুখাপাড়া (তেলিপাড়া) গ্রামে গুলজার (পিতা: জালাল উদ্দিন) নামক এক ব্যক্তির বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। সবচেয়ে চাঞ্চল্যকর বিষয়, অভিযুক্ত নিজেই ঘটনাটি *গ্রাম্য সালিশে স্বীকার* করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১ জুলাই ২০২৫ মঙ্গলবার সকাল ১০টা ৩০ মিনিটে এক গৃহবধূ বাসায় একা থাকার সময় গুলজার তাকে কুপ্রস্তাব দেয়। ভিকটিম রাজি না হলে সে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। ভুক্তভোগী চিৎকার করলে গুলজার পালিয়ে যায়।
পরে রাত ১২টা ৩০ মিনিটে একটি গ্রাম্য সালিশ বসে। সেখানে গুলজার নিজ মুখে ঘটনার সত্যতা স্বীকার করে। তবে সালিশে বিষয়টি চাপা দেওয়ার চেষ্টা হয় এবং তাকে শুধু কয়েকটি চড়-থাপ্পড় দিয়েই ছেড়ে দেওয়া হয় বলে স্থানীয়রা জানান।
ঘটনাটি এলাকায় তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। অনেকে বলছেন, এমন একটি গুরুতর অপরাধে অভিযুক্ত ব্যক্তি নিজেই স্বীকার করলেও তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নিয়ে গ্রাম্যভাবে মীমাংসার চেষ্টা অন্যায়।
এখন পর্যন্ত থানায় আনুষ্ঠানিক কোনো অভিযোগ দায়ের হয়নি। তবে ভিকটিমের পরিবার আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে।