
সম্প্রতি বাংলাদেশ সরকার খাদ্য সরবরাহ নিশ্চিত এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে ৫ লাখ টন চাল আমদানির ওপর থেকে শুল্ক প্রত্যাহার করে নিয়েছে।
এ সুযোগে ভারতের বড় বড় চাল ব্যবসায়ী অধিক লাভের আশায় বাংলাদেশে চাল রপ্তানিতে ঝুঁকেছেন। এতে ভারতের অভ্যন্তরীণ বাজারে সরবরাহ ও চাহিদার মধ্যে একটি সাময়িক ভারসাম্যহীনতা দেখা দিয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
পশ্চিমবঙ্গ, উত্তর প্রদেশ এবং দক্ষিণ ভারতের ব্যবসায়ীদের বরাত দিয়ে সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, তারা আগেই খবর পেয়েছিলেন যে বাংলাদেশ সরকার চালের ওপর থেকে ২০ শতাংশ আমদানি শুল্ক সাময়িকভাবে তুলে নিতে যাচ্ছে।
তাই তারা পেট্রাপোল-বেনাপোল সীমান্তের কাছেই গুদামে চাল প্রস্তুত রেখেছিলেন। গত বুধবার ঢাকা থেকে শুল্ক প্রত্যাহারের সরকারি ঘোষণা আসার পরই ভারত থেকে ট্রাকে করে চাল বাংলাদেশে পাঠানো শুরু হয়।
আর এমন সিদ্ধান্তের সরাসরি প্রভাব পড়েছে ভারতের খুচরা বাজারে। ইকোনমিক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সেখানে বিভিন্ন ধরনের চালের দাম বেড়েছে উল্লেখযোগ্যভাবে।
স্বর্ণা চালের দাম প্রতি কেজি ৩৪ রুপি থেকে বেড়ে ৩৯ রুপি হয়েছে; মিনিকেটের দাম প্রতি কেজি ৪৯ রুপি থেকে বেড়ে ৫৫ রুপি হয়েছে; রত্না চালের দাম প্রতি কেজি ৩৬-৩৭ রুপি থেকে বেড়ে ৪১-৪২ রুপি হয়েছে; সোনা মাসুরি চালের দাম প্রতি কেজি ৫২ থেকে বেড়ে ৫৬ রুপি হয়েছে।







