
চট্টগ্রামের কোতোয়ালী থানায় দায়ের হওয়া পাঁচটি মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদন নাকচ করেছেন আদালত।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে চট্টগ্রাম মহানগর দায়রা জজ হাসানুল ইসলামের আদালত শুনানি শেষে এই আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, আলোচিত আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাসহ একাধিক অভিযোগে দায়ের করা মামলাগুলোর প্রেক্ষিতে চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে জামিন আবেদন করা হয়। শুনানিকালে ঢাকার সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট অপূর্ব কুমার ভট্টাচার্যের নেতৃত্বে একটি আইনি টিম আদালতে উপস্থিত ছিলেন।
জামিন শুনানি চলা কালে আদালত চত্বরে সতর্ক অবস্থানে ছিলো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা । নিরাপত্তার স্বার্থে আগত বিচারপ্রার্থীদের তল্লাশি চালানো হয়।
এর আগে ২০২৪ সালের ২৬ নভেম্বর রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। জামিন নামঞ্জুর হওয়ার পর প্রিজন ভ্যানে তোলার সময় তার অনুসারীরা বিক্ষোভ ও ভাঙচুর শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও বিজিবি যৌথভাবে লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
সেইদিন বিকেলে আদালত এলাকা সংলগ্ন রঙ্গম কমিউনিটি হলের সামনে চিন্ময় দাসের অনুসারীরা আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করা হয়। এরপর এ ঘটনায় একাধিক মামলা দায়ের করে কোতোয়ালী থানা পুলিশ। মামলাগুলোতে পরিকল্পিতভাবে পুলিশকে বাধা দেওয়া, আসামি ছিনতাইয়ের চেষ্টাসহ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আনা হয়।
এ বিষয়ে আদালত সংশ্লিষ্ট এক আইনজীবী দৈনিক আইনের কণ্ঠকে বলেন, “প্রাথমিকভাবে মামলার তথ্য-প্রমাণে জামিনের উপযুক্ততা পাওয়া যায়নি। আদালত যথার্থভাবেই আইনি প্রক্রিয়া অনুসরণ করেছেন।”
নিরাপত্তা ও আইনি বিধিবিধান বজায় রাখতে আদালতপাড়ায় সতর্ক অবস্থান অব্যাহত থাকবে বলে জানায় প্রশাসন।