
ঝিনাইদহের শৈলকূপা উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৮ জুলাই) গভীর রাতে অভিযান চালায় সেনাবাহিনী। উপজেলার ২নং মির্জাপুর ইউনিয়নের দেবীনগর গ্রামে পরিচালিত এই অভিযানে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম ও আগ্নেয়াস্ত্র।
১০ বেঙ্গল রেজিমেন্টের সিও-এর নেতৃত্বে পরিচালিত ঘণ্টাব্যাপী এই অভিযানে রফিকুল নামের এক সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়। সে দেবীনগর গ্রামের মৃত মোকছেদ আলীর ছেলে।
অভিযান চলাকালে রফিকুলের বসতবাড়ি থেকে জব্দ করা হয়—
দুটি পিস্তল
একটি পিস্তলের ব্যারেল
দেশীয় অস্ত্র
আগ্নেয়াস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম ও উপকরণ
অভিযান শেষে রাতেই রফিকুলকে শৈলকূপা থানা পুলিশের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী।
শৈলকূপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান বিষয়টি নিশ্চিত করে বলেন, “সেনা ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রফিকুলকে অস্ত্রসহ গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।”
জানা গেছে, রফিকুল এর আগেও একবার অবৈধ অস্ত্রসহ পুলিশের হাতে আটক হয়েছিলেন।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা সেনাবাহিনী ও পুলিশের এ ধরনের তৎপরতার প্রশংসা করেছেন।