
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের নাগাইশ এলাকায় ঘুঙুর নদীতে মাছ ধরার সময় জেলের জালে ধরা পড়ে একটি মর্টার শেল সদৃশ বস্তু। পরে বিষয়টি সেনাবাহিনীকে জানানো হলে, রোববার (১৭ আগস্ট) দুপুরে ঘটনাস্থলে গিয়ে মর্টার শেলটি উদ্ধার ও নিষ্ক্রিয় করে সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট।
নিষ্ক্রিয়করণ অভিযানে নেতৃত্ব দেন ক্যাপ্টেন কেএম তামীম রহমান ও ক্যাপ্টেন মুসতাহসিনা মোকাদ্দেস হৃদি। অভিযান চলাকালে এলাকার এক কিলোমিটারজুড়ে নিরাপত্তা বেষ্টনী তৈরি করে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ সময় স্থানীয়দের নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়।
এর আগে, গত ১২ আগস্ট সকালে স্থানীয় জেলে কামাল হোসেন ঘুঙুর নদীতে জাল ফেলতে গিয়ে মর্টার শেল সদৃশ বস্তুটি পান। তিনি বিষয়টি ব্রাহ্মণপাড়া থানা পুলিশকে জানান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তুটি উদ্ধার করে হেফাজতে নেয় এবং দ্রুত সেনাবাহিনীকে অবহিত করে।
ব্রাহ্মণপাড়া থানার পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া বলেন, “সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে এসে অত্যন্ত দক্ষতার সঙ্গে মর্টার শেলটি নিরাপদে নিষ্ক্রিয় করে। স্থানীয়দের কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।”
এ ঘটনায় এলাকায় এক ধরনের উদ্বেগ দেখা দিলেও সেনাবাহিনীর তৎপরতায় জনমনে স্বস্তি ফিরে আসে।