
এস এম আনোয়ার
মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মোঃ আবুল কালামের পক্ষে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দলীয় নেতারা।
বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার নার্গিস সুলতানার কাছ থেকে আবুল কালামের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন লাকসাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাদল। একই দিনে মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার গাজালা পারভীন রুহির কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি শরীফ হোসেন চেয়ারম্যান।
এসময় উপস্থিত ছিলেন, লাকসাম পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক, লাকসাম উপজেলা বিএনপির সহ-সভাপতি ইব্রাহিম খলিল, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন মশু, উপজেলা যুবদলের সভাপতি জিল্লুর রহমান।
অন্যদিকে মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি এস.এম. মনসুর, দপ্তর সম্পাদক জিএম আহসান উল্লাহ, সহ-দপ্তর সম্পাদক মোঃ আবুল খায়ের, যুবদলের আহ্বায়ক রহমত উল্লাহ জিকু ও যুগ্ম আহ্বায়ক বাহারুল আলম বাবরসহ দুই উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মনোহরগঞ্জ উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক জিএম আহসান উল্লাহ বলেন,
কুমিল্লা-৯ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী আবুল কালাম ভাইয়ের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। আমরা ঐক্যবদ্ধভাবে এই আসন থেকে কালাম ভাইকে বিপুল ভোটে বিজয়ী করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দিতে চাই।
লাকসাম পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৯ আসনে বিএনপির বিজয় নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। দলীয় মনোনীত প্রার্থী আবুল কালামকে বিপুল ভোটে জয়ী করতে নেতাকর্মীরা মাঠে প্রস্তুত।
মনোনয়নপত্র সংগ্রহকে কেন্দ্র করে লাকসাম ও মনোহরগঞ্জে বিএনপির নেতাকর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।