
মোদির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা সেই থালাপতির বিরুদ্ধে মামলা।
ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দল বিজেপি ও নরেন্দ্র মোদির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ব্যাপক আলোড়ন তৈরি করা দক্ষিণি সিনেমার সুপারস্টার থালাপতি বিজয়ের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। থালাপতির রাজনৈতিক দল তামিলাগা ভেটরি কাজাগমের (টিভিকে) সম্প্রতি অনুষ্ঠিত এক সমাবেশের মঞ্চে ভক্তের সঙ্গে তার দেহরক্ষীর দুর্ব্যবহারের অভিযোগে ওই মামলা হয়েছে।
বুধবার (২৭ আগস্ট) দেশটির সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, ভক্তকে দেহরক্ষীদের নির্যাতনের অভিযোগে দক্ষিণি সিনেমার সুপারস্টার-রাজনীতিক ও টিভিকের প্রধান থালাপতি বিজয়ের বিরুদ্ধে কুন্নাম থানায় মামলা দায়ের হয়েছে। থালাপতির পাশাপাশি তার দেহরক্ষীদেরও এই মামলার আসামি করা হয়েছে।
পুলিশ কর্মকর্তারা জানান, তামিলনাড়ু রাজ্যের পেরাম্বালুর জেলার পুলিশ সুপারের কার্যালয়ে শরৎকুমার নামে এক ব্যক্তি অভিযোগ দায়ের করেছেন। তার অভিযোগের ভিত্তিতে ওই মামলা দায়ের করা হয়েছে। অভিযোগে শরৎকুমার বলেছেন, থালাপতি বিজয়ের দেহরক্ষীরা তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন।
কুন্নাম পুলিশ জানায়, ভারতীয় দণ্ডবিধির তিনটি ধারায় বিজয় ও তার দেহরক্ষীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
২০২৪ সালে নিজের রাজনৈতিক দল তামিলাগা ভেটরি কাজাগম গঠন করেন দক্ষিণি সিনেমার মহাতারকা থালাপতি বিজয়। এরপর থেকে তামিলনাডুর রাজনীতিতে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন তিনি। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে রাজ্যের মাদুরাই পূর্ব আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে চলতি মাসে ঘোষণা দিয়েছেন তিনি। রাজ্যের ক্ষমতাসীন রাজনৈতিক দল দ্রাবিড়া মুন্নেত্রা কাঝগমের (ডিএমকে) বিরুদ্ধে লড়াইয়ে নামতে প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি।