
ইবিস্থ বগুড়া জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীনবরণ ও প্রবীণ বিদায়
ইবি প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অধ্যয়নরত বগুড়া জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘বগুড়া জেলা ছাত্রকল্যাণ সমিতি’র নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের (টিএসসিসি) ১১৬ নম্বর কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ক্রেস্ট ও চাবির রিং দিয়ে বরণ করে নেওয়া হয়। একইসঙ্গে বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।
সংগঠনটির সদস্য ইব্রাহিম খলিল ও সাদিয়া জাহানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা ও ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুস সামাদ, আইআইইআরের ডেপুটি রেজিস্ট্রার এএসএম ইমাম হাসান বাবু, সংগঠনটির সভাপতি সাব্বির হাসানসহ সমিতির অন্যান্য সদস্য ও অর্ধশতাধিক নবীন শিক্ষার্থী।
অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি সাব্বির হাসান বলেন, বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বগুড়া জেলার শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও ঐক্য সুদৃঢ় করাই আমাদের সংগঠনের মূল লক্ষ্য। নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনে স্বাগত জানানো এবং তাদের যেকোনো প্রয়োজনে পাশে থাকা আমাদের দায়িত্ব। এই পরিবেশে নিজেদের মানিয়ে নিতে নবীনদের একে অপরের সহযোগিতা করতে হবে। শুধু একাডেমিক পড়াশোনা নয়, সহশিক্ষা কার্যক্রমেও নিজেদের সম্পৃক্ত করতে হবে। বিশ্ববিদ্যালয়জীবন নিজেকে দক্ষ, যোগ্য ও মানবিক মানুষ হিসেবে গড়ে তোলার গুরুত্বপূর্ণ সময়। একই সঙ্গে আমাদের জেলার ঐতিহ্য, সংস্কৃতি ও সুনাম ধরে রাখার দায়িত্বও সবার।
অনুষ্ঠানে সংগঠনটির উপদেষ্টা অধ্যাপক ড. মো. আব্দুস সামাদ বলেন, ‘বগুড়া শুধু একটি জেলা বা ভৌগোলিক অবস্থানের নাম নয়; রাজনীতি, শিক্ষা ও সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে বগুড়ার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। দেশের বর্তমান প্রধানমন্ত্রী বগুড়ার সন্তান। ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যও বগুড়ার সন্তান। এসব কারণে আমরা গর্ববোধ করি।’
নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘তোমাদের জীবনের এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিজেদের ভবিষ্যৎ গঠনের জন্য এটিই শ্রেষ্ঠ সময়। তাই নিয়মিত ও মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে। প্রতিদিনের কাজের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা করতে হবে এবং পরিকল্পনা অনুযায়ী সময়কে কাজে লাগাতে হবে।’
বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে অধ্যাপক আব্দুস সামাদ বলেন, ‘তোমাদের সামনে এখন নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হচ্ছে। তোমরা বগুড়ার সন্তান। দেশের মানুষের প্রতি তোমাদের অনেক দায়বদ্ধতা রয়েছে। নিজেদের মানবসেবায় নিয়োজিত করবে। তোমাদের ভবিষ্যৎ জীবনের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল।’