
এস এম আনোয়ার
মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি।
দৈনিক দিনকাল পত্রিকার ৪০ বছর পূর্তি ও ৪১তম বছরে পদার্পণ উপলক্ষে কুমিল্লার মনোহরগঞ্জ ও লাকসাম উপজেলা প্রতিনিধিদের যৌথ উদ্যোগে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য ও শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. আবুল কালাম এমপি।
প্রধান অতিথির বক্তব্যে আবুল কালাম এমপি বলেন, “বিএনপি সবসময়ই গণমাধ্যমবান্ধব মানসিকতা ধারণ করে। আমরা কখনো সাংবাদিকদের কণ্ঠ রোধ করব না।
তিনি বলেন, দৈনিক দিনকাল ৪০ বছর পেরিয়ে ৪১তম বছরে পদার্পণ করেছে। দীর্ঘ এই পথচলায় পত্রিকাটি দেশের বিভিন্ন সময়ের সুখ-দুঃখের সঙ্গে সম্পৃক্ত থেকেছে। লাকসাম ও মনোহরগঞ্জে পত্রিকাটির দায়িত্ব পালনকারী সাংবাদিকদের আগামী দিনে আরও বস্তুনিষ্ঠ ও তথ্য নির্ভর সংবাদ পরিবেশনের মাধ্যমে দৈনিক দিনকালকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি।
আবুল কালাম এমপি আরও বলেন, বর্তমানে কিছু ব্যক্তি সাংবাদিকতার আড়ালে অপসাংবাদিকতায় জড়িত রয়েছেন, যা দেশ, জাতি ও সমাজের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করে। তাই সাংবাদিকদের সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করতে হবে।
লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলা প্রেসক্লাবসহ সাংবাদিকদের যেকোনো প্রয়োজনে বিএনপি এবং তিনি পাশে থাকবেন বলেও জানান সংসদ সদস্য আবুল কালাম। পরে তিনি দৈনিক দিনকালের উত্তরোত্তর সমৃদ্ধি ও মঙ্গল কামনা করেন।
অনুষ্ঠানে দৈনিক দিনকাল পত্রিকার মনোহরগঞ্জ উপজেলা প্রতিনিধি জিএম আহসান উল্লাহর সভাপতিত্বে এবং লাকসাম উপজেলা প্রতিনিধি মো. ওমর ফারুকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তাইওয়ানের ব্যবসায়ী মি. এনটনি, লাকসাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান বাদল, ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক ও দৈনিক আজকের জীবন পত্রিকার সম্পাদক শফিকুর রহমান শফিক, লাকসাম উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন মুশু, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাফর ইকবাল বাচ্চু, সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্চু, লাকসাম পৌরসভা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রাফসানুল ইসলাম, লাকসাম উপজেলা সাংবাদিক নেতা নুর উদ্দিন জালাল আজাদ, জাফর আহমেদ, কামাল উদ্দিন, আব্দুল মান্নান, মিজানুর রহমান, মনোহরগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক নুরুন্নবী চৌধুরী সেলিমসহ দুই উপজেলার সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজন।
পরে অতিথিরা কেক কেটে দৈনিক দিনকালের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন এবং পত্রিকাটির ভবিষ্যৎ সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।