
ঠাকুরগাঁওয়ে পূজা মণ্ডপ পরিদর্শন ও শারদীয় শুভেচ্ছা জানালেন শরিফুল ইসলাম শরীফ
নুরে আলম শাহ, ঠাকুরগাঁও প্রতিনিধি:
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঠাকুরগাঁও পৌরসভার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন ‘জনতার মেয়র’ হিসেবে পরিচিত পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরীফ। পরিদর্শনকালে তিনি মণ্ডপগুলোর সার্বিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থার খোঁজখবর নেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সাথে কুশল বিনিময় করেন।
বিভিন্ন পূজা মণ্ডপ ঘুরে দেখে তিনি উপস্থিত সবাইকে শারদীয় দুর্গোৎসবের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এ সময় শরিফুল ইসলাম শরীফ বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। সব ধর্মের মানুষ এখানে আবহমানকাল ধরে মিলেমিশে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করে আসছে।”
বক্তব্যে তিনি এলাকার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং মানুষের কল্যাণে কাজ করার সুযোগ চেয়ে আগামী ২৯ অক্টোবরের উপনির্বাচনে ‘ধানের শীষ’ প্রতীকে মির্জা ফয়সল আমীনকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।
পরিদর্শনকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, পৌর কাউন্সিলর ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ তাঁর সাথে উপস্থিত ছিলেন। এ সময় বিভিন্ন পূজা মণ্ডপ কমিটি ও পুজারীবৃন্দ তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং সুন্দরভাবে শারদীয় উৎসব আয়োজনে সার্বিক সহযোগিতা করায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।