
এস. এম. আনোয়ার
মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি।
দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে নারীদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব নয়— এমন মন্তব্য করে বিএনপির কেন্দ্রীয় শিল্পবিষয়ক সম্পাদক ও কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মো. আবুল কালাম।
তিনি বলেন,
নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের কারণেই জুলাই বিপ্লব সফল হয়েছিল। ঠিক তেমনি আপনাদের মাধ্যমেই এই অঞ্চলে ধানের শীষের ভোট বিপ্লব ঘটবে।
শনিবার (৮ নভেম্বর) বিকেল ৪টায় কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ঝলম দক্ষিণ ইউনিয়নের পোমগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নারীদের উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আবুল কালাম বলেন,
আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি— ইনশাআল্লাহ বিজয়ী হতে পারলে আমার দ্বারা কোনো মানুষ ক্ষতিগ্রস্ত হবে না। লাকসাম-মনোহরগঞ্জের সর্বস্তরের মানুষের কল্যাণে কাজ করে যাবো। লাকসামকে জেলা ও মনোহরগঞ্জকে মডেল উপজেলায় পরিণত করতে আমি বদ্ধপরিকর।
তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশকে রক্ষা করতে হবে।
যে কোনো মূল্যে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্রের কাঠামো পুনর্গঠন করতে হবে — যোগ করেন তিনি।
আবুল কালাম জানান, লাকসাম-মনোহরগঞ্জ আসনে বিএনপির মনোনয়ন চেয়েছিলেন একাধিক নেতা। তবে দল যেহেতু তাঁকে মনোনয়ন দিয়েছে, তাই ঐক্যবদ্ধভাবে সবার সহযোগিতা নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এ সময় তিনি বিএনপির তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষে ভোট দেয়ার আহ্বান জানান।
সরেজমিনে দেখা গেছে, বৈঠকস্থলে নারী ভোটারদের ব্যাপক উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। স্থানীয় নারীরা বিএনপি প্রার্থীর প্রতি তাদের ভোট ও সমর্থনের অঙ্গীকার ব্যক্ত করেন।
উঠান বৈঠকে উপস্থিত ছিলেন—
মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ মো. ইলিয়াস পাটোয়ারী, সাধারণ সম্পাদক অধ্যাপক সরওয়ার জাহান ভূঁইয়া দোলন, সিনিয়র সহ-সভাপতি শাহ সুলতান খোকন, সহ-সভাপতি শরীফ হোসেন চেয়ারম্যান, অধ্যাপক আলী মর্তুজা, ইউসুফ ভূঁইয়া, এস এম মুনসুর, সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্চু, দপ্তর সম্পাদক জিএম আহসান উল্লাহ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বাহার আলম মজুমদার, সদস্য সচিব আনোয়ার হোসেন মোহনসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এছাড়া লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলার ১৯টি ইউনিয়নে ওয়ার্ড ভিত্তিক সিরিজ উঠান বৈঠক চলমান রয়েছে।