
এস এম আনোয়ার
মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি।
কুমিল্লার মনোহরগঞ্জে আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের সঙ্গে হিন্দু ধর্মাবলম্বীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলন চাকমা।
সভায় নবযোগদানকৃত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা, মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদ আহমেদ, মনোহরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম আহসান উল্লাহ, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি ডা. রনজিৎ মজুমদার, সাধারণ সম্পাদক মলিন দেবনাথসহ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, এবার মনোহরগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়নে মোট ১২টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে অধিকাংশ পূজামণ্ডপে পূজার প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে।
মতবিনিময় সভায় পূজা উদযাপনকে কেন্দ্র করে হিন্দু ধর্মাবলম্বী নেতৃবৃন্দ তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা প্রশাসনের কাছে তুলে ধরেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের বক্তব্য গুরুত্বসহকারে শোনা হয় এবং প্রয়োজনীয় সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস দেওয়া হয়।
সভায় আসন্ন দুর্গোৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, পূজা উদযাপন কমিটি ও স্থানীয়দের পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।