
এস এম আনোয়ার
মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে সদ্য ঘোষিত বিএনপির মনোনীত প্রার্থী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক ও লাকসাম উপজেলা বিএনপির সভাপতি মো. আবুল কালাম দিনব্যাপী এক ব্যস্ততম গণসংযোগ ও পথসভা কর্মসূচি পালন করেছেন।
বুধবার (৫ নভেম্বর) সকালে নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে পিতা মরহুমের কবর জিয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির সূচনা করেন তিনি। এরপর শুরু হয় তার ব্যস্ত সফরসূচি—এক ইউনিয়ন থেকে আরেক ইউনিয়নে ছুটে চলা, সর্বত্রই নেতাকর্মী ও সাধারণ মানুষের উচ্ছ্বসিত সাড়া।
দিনভর তিনি মনোহরগঞ্জ ও লাকসাম উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ও জনবহুল বাজারে গণসংযোগ ও পথসভা করেন। এর মধ্যে উল্লেখযোগ্য—পাশাপুর, মুদাফরগঞ্জ, নৈড়পার, লাকসাম জংশন, দৌলতগঞ্জ, খিলা, নাথেরপেটুয়া, বিপুলাসার, লক্ষণপুর, সরসপুর, বাইশগাঁও, হাসনাবাদ ও উত্তর ঝলমসহ দুই উপজেলার একাধিক ইউনিয়ন।
গণসংযোগের ফাঁকে দুপুরে তিনি লাকসামের পশ্চিমগাঁওয়ে অবস্থিত শাহসূফী হযরত গাজী সাহেদ (রহ.) এর মাজার জিয়ারত করেন। একই সঙ্গে মনোহরগঞ্জে সাবেক সংসদ সদস্য কর্নেল (অব.) এম আনোয়ারুল আজিমের কবরেও শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
নেতাকর্মীরা বলছেন, আবুল কালামের এই তৎপরতা মূলত আগামী নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবেই দেখা হচ্ছে। মাঠ পর্যায়ের এই জনসম্পৃক্ততা নির্বাচনী রাজনীতিতে নতুন গতি এনে দিয়েছে বিএনপি অঙ্গনে।
গণসংযোগে অংশ নেন—মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ইলিয়াস পাটওয়ারী, লাকসাম পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মজির আহমেদ, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাহ সুলতান খোকন, সাধারণ সম্পাদক অধ্যাপক সরওয়ার জাহান ভূঁইয়া দোলন, লাকসাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান বাদল, বিএনপি নেতা ডা. নুর উল্লাহ রায়হান, আবুল হাসেম মানু, সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্চু, মোবারক হোসেন, দপ্তর সম্পাদক জিএম আহসান উল্লাহ, মিডিয়া সমন্বয়ক শাহ আলম,যুগ্ম আহ্বায়ক বাহারুল আলম বাবর,গুম পরিবারের সদস্য রাফসানুল ইসলাম ও শাহরিয়ার কবীর রাতুলসহ দুই উপজেলার বিভিন্ন স্তরের বিএনপি নেতাকর্মীরা।
নেতাকর্মীদের উপস্থিতি ও জনসাধারণের উৎসাহে পুরো এলাকা একসময় পরিণত হয় এক প্রকার উৎসবমুখর জনসমাবেশে।