
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের মেধাবী শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ’র রহস্যজনক মৃত্যুর পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন প্রকাশের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। পরে প্রেস ব্রিফিংয়ে তদন্তের অগ্রগতি ও ভবিষ্যৎ পদক্ষেপ তুলে ধরেন তুলে ধরেন বিশ্ববিদ্যালয় প্রশাসন ও তদন্ত কমিটি।
মঙ্গলবার (২৯ জুলাই) সকাল থেকে প্রশাসন ভবনের সামনে আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ডাকে জড়ো হতে থাকে শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে দুপুর ২ টায় সাজিদের মৃত্যুর তদন্ত রিপোর্ট সম্পর্কে অগ্রগতি জানাতে ব্রিফিং করে তদন্ত কমিটি-সহ বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এসময় শিক্ষার্থীদের সাথে কথা বলতে উপস্থিত হন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, ট্রেজারার অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. এমতাজ হোসেন ও আল কুরআন বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাসির উদ্দিন মিঝি প্রমুখ।
এসময় ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. এমতাজ হোসেন তদন্তের অগ্রগতি সম্পর্কে বলেন, ‘তদন্ত কাজে আমরা কাজ করেই যাচ্ছি। এমনকি ছুটির দিনেও করে যাব। অনেক তথ্য হাতে এসেছে। তবে তথ্যগুলো পুনরায় ক্রস চেকিং করে আগামী রোববারে রিপোর্ট জমা দিতে পারবো। বাস্তবতা হলো আমাদেরটা তদন্ত কমিটি না, বরং এটা ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি। যা মৃত্যু কিভাবে হয়েছে তা বের করাই আমাদের কাজ। বাকিটা বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রয়োজন বোধে অধিকতর তদন্ত করে সিদ্ধান্ত নিতে পারে।’
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ঘটনাটি ঘটার পরপরই রুটিন ভিসি ও প্রক্টরিয়ার বডির সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছি। প্রথম দিকে শিক্ষার্থীদের উত্থাপিত যৌক্তিক দাবি সমূহ মেনে নেয়া হয়েছে। খুলনা বিভাগের ডিআইজি আশরাফুল ইসলামের সঙ্গে কথা বলেছি। ইতোমধ্যে ভিসেরা রিপোর্ট কুষ্টিয়ায় পাঠানো হয়েছে এবং আইনি প্রক্রিয়াধীন রয়েছে। আমাদের কাছে তদন্ত রিপোর্ট এবং ভিসেরা রিপোর্ট আসলে খুব দ্রুতই পূর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশ করা হবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে মামলা করা হবে কি-না জানতে চাইলে তিনি বলেন, ঘটনা ঘটার পরপরই সাজিদের পরিবার জিডি দায়ের করেছে। যেহেতু মৃত্যুর রহস্য স্পষ্ট হয়নি, তাই মামলার জটিলতা রয়েছে। একই বিষয়ে দু’বার মামলা করা যায় না। তবে পুলিশি মামলায় সব ধরনের সহযোগিতা করে যাচ্ছি।